বিপ্লব ইসলাম, লংগদু
রাঙ্গামাটির নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেছেন, লংগদুতে উন্নয়ন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সবার সহযোগিতা প্রয়োজন।
বৃহস্পতিবার সকালে লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পাবলিক লাইব্রেরি হলরুমে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মৌজা হেডম্যান, কারবারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপিএম, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ, বিজিবি জোনের সহকারী পরিচালক কেএইচএম গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদল হাছান, ৩৮ আনসার ব্যাটালিয়নের কম্পানি কমান্ডার আরিফুল ইসলাম, লংগদু থানার অফিসার ইনচার্জ জাকারিয়া এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও জনপ্রতিনিধিরা।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, লংগদুতে উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে নানিয়ারচর সড়কের কাজ দ্রুত সময়ে সম্পন্ন করা হবে। বাল্যবিবাহ রোধ, আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখা এবং জনগণের সেবা নিশ্চিত করতে একযোগে কাজ করা জরুরি।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে প্রশাসন নিজেদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাবে।
সভায় উপস্থিত অতিথিরা লংগদুর সামগ্রিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও জনবান্ধব প্রশাসনিক কার্যক্রম জোরদারের প্রত্যয়ে মতামত তুলে ধরেন।

