জয়নাল আবেদীন, কাউখালী
হাইকোর্টের নির্দেশনা অমান্য করে ইটভাটা পরিচালনা করায় রাঙামাটির কাউখালীতে তিন ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে কাউখালী উপজেলা প্রশাসন। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার কলমপতি ইউনিয়নের এমএনসি ইটভাটা, এবং বেতবুনিয়া ইউনিয়নের এএমবি ব্রিকস ও এটিএম ব্রিকস এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে তিনটি ইটভাটায় হাইকোর্টের নির্দেশনা অমান্য করে ইটভাটা পরিচালনা করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ লক্ষ টাকা জরিমানা এবং প্রায় দশ লক্ষাধিক টাকার কাঁচা ইট এক্সকাভেটর এর মাধ্যমে এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে নষ্ট করা হয়। এছাড়া দুটি ভাটার চুল্লীর বেজমেন্টের দেয়াল ভেঙে দেয়া হয়েছে। একইসাথে অবৈধ ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ অফিসের মাধ্যমে মিটার ও সংযোগ তার নিয়ে আসা হয়েছে। অভিযান পরিচালনাকালে ৪৫২৭ ঘনফুট কাঠ জব্দ করে আইনগত ব্যবস্থা নিতে রেঞ্জ অফিসার, খাসখালী রেঞ্জ এর জিম্মায় দেয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রাঙামাটি পার্বত্য জেলার সহকারী পরিচালক মো. মমিনুর রহমান। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর রাবার বাগান ক্যাম্পের একটি টিম, কাউখালী থানা পুলিশ, কাউখালী রেজ কর্মকর্তা খাসখালী রেঞ্জ এবং বিট কর্মকর্তাবৃন্দ, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স, কাউখালী সহ বিদ্যুৎ অফিসের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান জানান- পূর্বেও এই তিনটি ইটভাটায় জরিমানা এবং ফায়ার সার্ভিস এর মাধ্যমে পানি দিয়ে ভিজিয়ে ইটভাটাগুলো সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছিল। মালিকদের বিরুদ্ধে সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর রাঙামাটি এর দায়েরকৃত নিয়মিত মামলাও চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে ইটভাটাগুলো চালানোর প্রমাণ পাওয়া যায় এবং ইটভাটা কর্তৃপক্ষ এবিষয়ে তাদের স্বীকারোক্তি প্রদান করে তাদের অন্যায় স্বীকার করেন। এপ্রেক্ষিতে জরিমানাসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণপূর্বক ইটভাটাগুলো পুনরায় বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।

