কাউখালী প্রতিনিধি
কাউখালীতে বাজার থেকে জাল টাকাসহ রিয়াদ (৩১) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার হাটের দিন সকালে উপজেলার কাউখালী বাজারে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তি চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরমনাই গ্রামের মৃত শেখ মোহাম্মদ ইসহাকের ছেলে। আটক ব্যক্তির কাছ থেকে ৫০০, ২০০ ও ১০০ টাকাসহ মোট ২২০০০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সাপ্তাহিক হাটেরদিন ক্রেতা সেজে জাল টাকার বিনিময়ে মালামাল ক্রয় করছিলো একটি চক্র স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে বাজার ইজারাদারসহ ব্যবসায়ীরা তাকে আটক করে পুলিশে হস্তান্তর করে।
কাউখালী বাজারের ইজারাদার আব্দুল জানান, সাপ্তাহিক হাটের দিন সকাল থেকে সাধারণ পাহাড়ীরা কাঁচামালসহ তাদের উৎপাদিত বিভিন্ন পন্য বাজারে নিয়ে আসে বিক্রির জন্য। দীর্ঘদিন যাবৎ পাইকারী ক্রেতা সেজে বাজারে জাল টাকা ছড়িয়ে দিচ্ছিলো এসব চক্র। জাল টাকার খপ্পরে পড়ে অনেক সাধারণ পাহাড়ি সর্বস্ব হারিয়েছে।
সবজি ব্যবসায়ী সুমন জানান, জাল টাকা ছড়ানোর বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারের পর এসব সিন্ডিকেট ধরতে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছিলাম। কিন্তু দুর্দান্ত জাল টাকার ব্যবসায়ীদের ধরতে পারছিলাম না। আজ(বৃহস্পতিবার) সকালে এক পাহাড়ি আমার দোকানে কাঁচামাল কিনতে আসলে জাল টাকা শনাক্ত হয়। পরে তাকে সাথে নিয়ে ঐ জাল টাকা ব্যবসায়ীকে ধরতে সক্ষম হই।
এ ব্যাপারে কাউখালী থানায় অফিসার ইনচার্জ এনাসুল হক চৌধুরী জানান, জাল টাকা সহ আটককৃতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।

