নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই ॥
আনন্দঘন পরিবেশ ও উৎসবের আমেজে দ্বিতীয় বারের মতো রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো ‘জোন কমান্ডার’স স্কলারশিপ-২৫’।
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত কাপ্তাই ‘শিশু নিকেতন স্কুল’ এর আয়োজনে কাপ্তাই জোন-৩৮ বীরের পরিচালনায় শনিবার সকাল সাড়ে ৯টা হতে পৌনে ১১টা পর্যন্ত শিশু নিকেতন স্কুলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে কাপ্তাই, রাঙ্গুনিয়া উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার ২৮টি প্রাথমিক এবং ১৩টি মাধ্যমিক স্কুল থেকে আগত তৃতীয় শ্রেণি হতে ৮ম শ্রেণির মোট ৩শত ৪০ পরীক্ষার্থী অংশ নেন বলে জানান শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার।
তিনি আরোও জানান, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগ এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগে’ অর্জিত নম্বরের ভিত্তিতে বিগত বছরের মতো ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে। এছাড়া নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত দুই শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা স্বরূপ সেনাবাহিনী কর্তৃক ক্রেস্ট, শিক্ষা উপকরণ গিফট এবং মাসিক স্কলারশিপ প্রদান করা হবে।
অধ্যক্ষ আরোও বলেন, এই স্কলারশিপ এর মাধ্যমে অত্র এলাকার শিক্ষার্থীদের মেধার বহিঃপ্রকাশ ঘটে এবং শিক্ষার্থীদেরকে ভবিষ্যতে আরো বেশি বেশি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ গ্রহণে উদ্বুদ্ধ করে।
যে কোনো শিক্ষার অগ্রগতিতে শিক্ষার্থী সমাজকে মেধার ভিত্তি যাচাইয়ে সহায়তা করে বৃত্তিমূলক পরীক্ষাগুলো। তাই অত্র এলাকার কোমলমতি শিশু শিক্ষার্থীদের কথা চিন্তা করে কাপ্তাই জোনের অধিনায়কের প্রতি অনুরোধ থাকবে এ স্কলারশিপটা যেন চলমান থাকে।
এদিকে বাংলাদেশ সেনাবাহিনী ৩৮ বীরের অধিনায়ক লেঃ কর্নেল নাজমুল কাদির শুভ এদিন সকাল সাড়ে ১০ টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে ৩৮ বীরের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ জিয়াউর রহমান ও শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, জোন কমান্ডার’স স্কলারশিপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশংসনীয় উদ্যোগ। আমরা আশা করছি এই কার্যক্রম অব্যাহত থাকবে।

