অর্ণব মল্লিক, কাপ্তাই ॥
দেখতে বিশাল বড়। আছে হরিণের মতো শিং। শরীরের গঠন মোটা ও তরতাজা হওয়ায় মালিক ভালোবাসে নাম রেখেছেন কিং। এবার আসন্ন মনসা পুজায় কিং এর দাম হাকানো হচ্ছে ৩ লাখ টাকা। কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় এবার দেখা মিলেছে একটি বড় হরিয়ানা জাতের পাঠা ছাগল। লাল রং এর কিং এর শরীরে রয়েছে কালো রং এর আবরণ। অর্থাৎ লাল কালো রং এর মিশ্রণে দেখতে বেশ রাজকীয় চেহারা কিং এর। হাটা চলা অনেকটা রাজাদের মতো। তবে বেশ মেজাজী এই কিং কে সামলাতে বেগ পেতে হয় মালিক স্মরণ দাশের।
কিং কে ভালোবাসে ৩ বছর যাবৎ লালন পালন করে আসছে স্মরণ দাশ। এই ৩ বছরে অনেক ভালোবাসা, মায়া মমতা দিয়ে সন্তানের মতো বড় করে তুলেছে ছাগলটিকে। শুধু স্মরণ দাশ নয় তার স্ত্রী ও পরিবারের সদস্যরা ছাগলটির জন্য অনেক পরিশ্রম করেছে। তিনি জানান, চাকরির পাশাপাশি অনেকটা শখ থেকে ছাগল পালন করে আসছেন। প্রতিদিন চাকরি শেষ করে এসে ক্লান্ত শরীর নিয়েও এই কিং এর পরিচর্যা করেছেন। ছাগলটিকে নিয়মিত তিনি মটর, ছোলা, গম, কাঁঠাল পাতা সহ নানা পুষ্টিগুন সমৃদ্ধ খাবার দিয়েছেন। তিনি অনেক যতœ করে মায়া মমতা দিয়ে এই কিং ছাগলটিকে ছোট বাচ্চা থাকা অবস্থা থেকে আজ বড় করে তুলেছেন। তিনি আরো জানান, কাপ্তাই উপজেলায় এখনো এইবছর কিং এর মতো এত বড় ছাগলের দেখা মিলেনি। অনেকেই আসছে তার কিং কে দেখতে এবং দরদাম করে যাচ্ছেন। তবে তিনি কিং এর দাম হাকাচ্ছেন ৩ লক্ষ টাকা। এদিকে কিং ছাগলটি প্রায় ৪৩ ইঞ্চি লম্বা এবং এর ওজন হবে ১৭০ থেকে ১৮০ কেজি। এই কিং ছাগলটির মালিক স্মরণ দাশ আরো একটি হরিয়ানা জাতের বড় ছাগল বিক্রির জন্য প্রস্তুত করেছেন।
এদিকে নিজের সন্তানের মতো এই কিং ছাগলটিকে লালন পালন করে এসেছে স্মরণ দাশের স্ত্রী। তিনি জানান, অনেক কষ্ট করে নিজেরা না খেয়েও এই ছাগলের জন্য শ্রম দিয়েছেন, অর্থ খরচ করেছেন। তাই ছাগলটি বিক্রয় করে যেন কিছুটা লাভবান হতে পারেন সেই প্রত্যাশা করেছেন।

