নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় মংরি রাখাইন (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর রাঙামাটি শহরের গীতাশ্রম কলোনীর করাত কলের শেষ প্রান্তে হ্রদ থেকে তার লাশ উদ্ধার করে কোতয়ালি থানা পুলিশ।
স্থানীয়রা জানান, মংরি রাখাইন শহরের রিজার্ভ বাজার নাপ্পিঘাটা এলাকায় ব্যবসা করতেন। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকার স্থায়ী বাসিন্দা।
কাপ্তাই হ্রদ থেকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বলেন, পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তির লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

