বিপ্লব ইসলাম, লংগদু ॥
কৃষকদের নামে ব্যাংক থেকে ঋণ তুলে জালিয়াতি, ঋণ বিতরণে অনিয়মসহ নানা অভিযোগের ভিত্তিতে রাঙামাটির লংগদু কৃষি ব্যাংক শাখায় অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার সকালে রাঙামাটি দুদকের পাঁচ সদস্যের একটি তদন্তকারী দল অভিযান পরিচালনা করেন।
তদন্ত দলের নেতৃত্বে ছিলেন রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন। সঙ্গে ছিলেন সহকারী পরিচালক রাজু আহমেদ, উপ সহকারী মো. বোরহান উদ্দীন এবং সহকারী পরিদর্শক আবু ছাদেক।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন জানান, কৃষি ব্যাংকের বিরুদ্ধে পাওয়া অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলো দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা আরও জানান, প্রাথমিক তদন্তে সাত কোটি টাকার অধিক অর্থ কেলেঙ্কারির তথ্য মিলেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আটারকছড়া ইউনিয়নের শতাধিক কৃষকের কাছ থেকে কৃষি প্রণোদনার কথা বলে ভোটার আইডি কার্ডের কপি ও ছবি সংগ্রহ করা হয়। পরে তাদের নামে ৩৫৪০ হাজার টাকা করে ঋণ উত্তোলন করা হলেও কৃষকদের হাতে দেওয়া হয় মাত্র দুই হাজার টাকা। বাকি অর্থ আত্মসাৎ করে সংশ্লিষ্টরা গা ঢাকা দেয়। বর্তমানে এসব ঋণের পরিমাণ প্রায় কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে।

