নিজস্ব প্রতিবেদক ॥
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সমবেত প্রার্থনা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ২৯৯নং রাঙামাটি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানের সমর্থনে রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল চারটায় বুদ্ধাংকর বৌদ্ধ বিহারে এই মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সিভিল সার্জন ডা. সুপ্রিয় বড়ুয়া।
বড়ুয়া জনগোষ্ঠীর পক্ষে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সনদ বড়ুয়া বলেন-রাঙামাটিতে অতি ক্ষুদ্র একটি জনগোষ্ঠী হলো বড়ুয়া জনগোষ্ঠী। আমাদের নিজস্ব যে বুদ্ধাংকর বৌদ্ধ বিহার রয়েছে, এটাতে যা কিছু অবকাঠামোগত উন্নয়ন হয়েছে তা শুধুমাত্র বিএনপি সরকার আমলেই হয়েছে বিগত ১৭ বছর নানা ধরনের লবিং তদবির করেও কোন সরকারি সহযোগিতা আদায় করতে পারি নাই। রাঙামাটিতে এবার অবশ্যই প্রার্থী দেখে সাধারণ ভোটাররা ভোট দিবে। আজকে ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান, উনাকে আমি ছোট বেলা থেকেই চিনি জানি। উনার পিতা প্রয়াত সুবিমল দেওয়ান মহোদয়ের সাথে আমরা এক সাথে বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করেছি। তাই দেশের বর্তমান সংকটকালে আমরা বড়ুয়ারা ঐক্যবদ্ধ ভাবে ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানকে জয়যুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।
প্রধান অতিথি হিসেবে দীপেন দেওয়ান বলেন-আপনারা নিজেদের কখনো ছোট মনে করবেন না। আমি হলফ করে বলতে পারি বড়ুয়ারা অত্যন্ত মেধাবী ও চৌকস। আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে এগিয়ে যাবেন। আমি সব সময় বলি সকল জাতিগোষ্ঠী সমানতালে এগিয়ে যেতে হবে। আমি কথা দিচ্ছি আমি নির্বাচিত হলে আপনাদের সকল জাতিগোষ্ঠী নিয়ে এগিয়ে যাবো।
এসময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা কৃষক দলের সভাপতি অলোক প্রিয় বড়ুয়া রিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

