জিয়াউল জিয়া ॥
রাঙামাটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাঙামাটি রাজ বনবিহারে বিশেষ প্রার্থনার আয়োজন করেন ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল মনীষ দেওয়ান ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
রাজ বনবিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির ও জ্ঞানপ্রিয় মহাস্থবিরসহ পূজনীয় ভিক্ষু সংঘের উপস্থিতিতে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় সংঘ দান ও অষ্ট পরিস্কার দান প্রদান করা হয়।
প্রার্থনা শেষে দীপেন দেওয়ান বলেন, এদেশের মানুষের অধিকার, স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতির ইতিহাসে অম্লান থাকবে। আজ তিনি অসুস্থ, আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। তিনি যেন সুস্থ হয়ে আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে পারেন।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাঙামাটি রাজ বনবিহারে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

