নিজস্ব প্রতিবেদক ॥
পানির অভাবে চারদিন বন্ধ থাকার পর পুনরায় কর্ণফুলী পেপার মিলে কাগজ উৎপাদন শুরু হয়েছে। শনিবার দুপুর থেকে মিলে কাগজ উৎপাদনের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্।
তিনি বলেন, কারখানার কর্ণফুলি নদী সংলগ্ন ওয়াগ্গা পানি উত্তোলন পাম্প হাউজের কারিগরি সমস্যার কারণে বিগত ৪ দিন ধরে সাময়িক উৎপাদন বন্ধ ছিল। কেপিএম এর কাগজ উৎপাদন করতে প্রচুর পানির প্রয়োজন। যার পুরোটাই কর্ণফুলী নদী হতে উত্তোলন করা হয়।
বর্তমানে শুষ্ক মৌসুম শুরু হওয়ায় ভাটার সময় নদীর পানির স্তর অনেক নিচে নেমে যায় এতে পর্যাপ্ত পানি উত্তোলন বাধাপ্রাপ্ত হয়। বর্তমানে পানি প্রবেশপথ ম্যানুয়ালি খননের মাধ্যমে এবং বালু উত্তোলন পাইপলাইন ব্যবহার করে আরো গভীর করে উৎপাদন সচল করা হয়েছে ।
তিনি আরো জানান, পেপার মিলে নিয়মিত কাগজ উৎপাদনের পাশাপাশি আগামী সংসদ নির্বাচনের জন্য ব্যালট ছাপাতে নির্বাচন কমিশন থেকে ৯১৪ মেট্রিকটন কাগজ সরবরাহের অর্ডার ছিল। ইতোমধ্যে ৫৩৭ মেট্রিক টন কাগজ সরবরাহ করা হলেও বাকি ৩৮৭ মেট্রিক টন আগামী ১৫ জানুয়ারির মধ্যে সরবরাহের সময়সীমা রয়েছে। উৎপাদন ফের চালু হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে কাগজ সরবরাহ করতে কোনও সমস্যা হবে না।

