নিজস্ব প্রতিবেদক ॥
চারা বিতরণ ও কেক কাটার মধ্য দিয়ে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে মাছরাঙা টেলিভিশনের ১৪ বর্ষপূর্তি। বুধবার দুপুরে রাঙামাটির স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কেক কাটা ও শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা।

মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার শংকর হোড়ের স্বাগত বক্তব্যে ও নবম শ্রেণির শিক্ষার্থী আর্যমনি চাকমার শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক জাতীয় ফুটবলার ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বরুণ বিকাশ দেওয়ান। আরটিভির জেলা প্রতিনিধি ইয়াছিন রানা সোহেলের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, সাবেক প্রধান শিক্ষক সত্য নন্দী, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের সাবেক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, পৌরসভার সাবেক প্যানেল মেয়র কালায়ন চাকমা, দৈনিক পার্বত্য চট্টগ্রামের সম্পাদক ফজলে এলাহী, পরিবেশবাদী সংগঠন গ্লোবাল ভিলেজের পরিচালক হেফাজত সবুজ, চিকিৎসক নিশু সাহা, দৈনিক পার্বত্য চট্টগ্রামের সিনিয়র আলোকচিত্রী তৌসিফ মান্নান, স্টার নিউজ প্রতিনিধি মিশু মল্লিক। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মাছরাঙ্গা টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও রুচিশীল বিভিন্ন প্রোগ্রামের প্রশংসা করে বলেন, অনেক চ্যানেল কিংবা পত্রিকাকে তাদের সম্পাদকীয় পলিসির কারণে সহজেই রাজনৈতিক ট্যাগ দেয়া সম্ভব, কিন্তু মাছরাঙ্গা টেলিভিশন এক্ষেত্রে পুরোপুরি ব্যতিক্রম। এই প্রতিষ্ঠানটি এমন এক পরিবারের, যাদের ব্যবসায়িক সুনাম দেশ ও দেশের বাইরে। মাছরাঙ্গা টেলিভিশনের উত্তরোত্তর সফলতা কামনা করে বক্তারা অতীতের ন্যায় ভবিষ্যতেও ন্যায়, সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি রুচিশীল অনুষ্ঠানের ধারাবাহিকতার রক্ষার আহ্বান জানান।

