জয়নুল আবেদীন, কাউখালী
কাউখালী উপজেলার কচুখালী এলাকার উমেহ্লা মারমা। বাংলাদেশ মহিলা ফুটবলের অনুর্ধ্ব-২০ এশিয়া কাপ নিশ্চিত করা জাতীয় দলের অন্যতম খেলোয়াড়। স¤প্রতি ডাক পেয়েছে জাতীয় নারী ফুটবলের মূল দলে। অনুর্ধ্ব-২০ দলে ভালো খেলা উপহার দেওয়া ও জাতীয় দলে খেলার সুযোগ পাওয়ায় ফুলেল শুভেচ্ছা ও নগদ অর্থ উপহার দিয়েছে কাউখালী উপজেলা ক্রীড়া সংস্থা।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী আতিকুর রহমান ফুলেল তোড়া ও নগদ অর্থ তুলে দেন উমেহ্লার হাতে। এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আরিফুল হক মাহবুব, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জয়নাল আবেদীন, মেহেদী হাসান, পাহাড়ে নারী ফুটবলার তৈরির অন্যতম কারিগর সুইহ্লামং ফুটবল একাডেমির কর্ণধার সাবেক ফুটবলার সুইহ্লামং মারমাসহ আরও অনেকে।
উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান বলেন- উপজেলার প্রতিটি খেলোয়াড় আমাদের সন্তান, খেলোয়াড়দের সাফল্যে তাদের বাবা-মা যেমন গর্ববোধ করেন, আমিও একই আনন্দ ও গর্ব উপভোগ করি। আমাদের চেষ্টা করতে হবে কাউখালী উপজেলার খেলোয়াড়দের এই চলমান সাফল্যে ধরে রাখতে। উপজেলা ক্রীড়া সংস্থা, উপজেলা প্রশাসন থেকে সকল প্রকার উদ্যোগ ও সহায়তা আন্তরিকভাবে গ্রহণ করা হবে। এসময় তিনি খেলোয়াড়দের পড়াশোনা ও অনুশীলনে মনোযোগী হবার আহবান জানান।
উপজেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি সদস্য মেহেদী হাসান জানান- আমাদের উপজেলার খেলোয়াড়’রা দেশের হয়ে বিশ্বমঞ্চে একের পর এক তকমা নিয়ে হাজির হচ্ছে, নিঃসন্দেহে এটি আমাদের জন্যে গৌরবের। এই সাফল্যে ধরে রাখতে হলে অবশ্যই স্থানীয় ভাবে আন্তরিক হতে হবে। আশা করছি, আমাদের তরুণ-তরূণী’রা আগামীতে আরো সুদূর প্রসারী সফলতা আমাদের এনে দিবে ইনশাআল্লাহ।
এছাড়া উপজেলার আরেক কৃতী সন্তান ‘মেথুইচিং মারমা ১৭তম সামার জাতীয় অ্যাথলেটিক্সে, ১০ হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশে তৃতীয় স্থান অধিকার করায়। তাকেও উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নগদ অর্থ উপহার দেওয়া হয়।

