বিশেষ প্রতিবেদক, বান্দরবান ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান ৩০০নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রুকে বাদ দিয়ে জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজাকে ধানের শীর্ষ প্রতীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বান্দরবানে বিএনপির নেতাকর্মীদের একাংশ পদযাত্রা ও সমাবেশ করেছে।
সোমবার সকাল ১১টায় বান্দরবান সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জেলা শহরের জজ কোর্ট এলাকা থেকে একটি পদযাত্রা শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে সমবেত হয়। পদযাত্রায় ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির বান্দরবান জেলার সদস্য সচিব জাবেদ রেজার সমর্থকরা অংশ নেয়।
পরে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত এক পথসভা। এসময় বক্তারা বলেন, বান্দরবানে তরুণ ও যোগ্য প্রার্থী জাবেদ রেজাকে মনোনীত না করে একজন বয়স্ক ও বারবার জাতীয় নির্বাচনে পরাজিত প্রার্থী ও বর্তমান বান্দরবান জেলা বিএনপির আহবায়ক সাচিংপ্রুকে আগামী ত্রয়োদশ নির্বাচনে ৩০০নং আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। স্থানীয়দের চাওয়া ও পাওয়াকে উপেক্ষা করে এমন সিদ্ধান্তের কারণে বিএনপির আবারোও পরাজয় হবে বান্দরবানে।
এসময় বক্তারা বলেন, বান্দরবান জেলা বিএনপির আহবায়ক সাচিংপ্রু’র বর্তমান বয়স ৭৫ বছর আর তার শারীরিক অবস্থা ভালো নয়, আর এমন ব্যক্তিকে পাহাড়ে ৩০০নং আসনে প্রার্থী ঘোষণা করার বিএনপির নেতাকর্মীদের মনে ক্ষোভ সঞ্চার হয়েছে। এসময় বক্তারা সাচিং প্রু কে বাদ দিয়ে তারেক জিয়ার আদর্শ বাস্তবায়নে তরুণ প্রজন্মের নেতা জাবেদ রেজাকে বান্দরবান ৩০০ নং আসনে সংসদ প্রার্থী হিসেবে ঘোষণা করে কাজ করার সুযোগ দেয়ার দাবি জানান।
এদিকে স্থানীয় বিএনপি নেতারা আরো বলেন-বর্তমান ঘোষিত প্রার্থী সাচিংপ্রু জেরীকে নিয়ে তৃণমূলের আপত্তি রয়েছে, গত ১৭ বছর দলের নেতাকর্মীদের কোনও খোঁজখবর না রাখা ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে দল, আমরা এই মনোনয়ন পরিবর্তনের জোর দাবি জানাচ্ছি, সাথে সাথে ৩০০নং বান্দরবান আসনের মনোনয়ন পরিবর্তন করে দলের ত্যাগী কর্মীবান্ধর নেতা জাবেদ রেজাকে প্রার্থী হিসেবে বিবেচনায় নেওয়ার দাবি জানান এবং বান্দরবান ৩০০নং এই আসনে নির্বাচনে জয়ী হতে হলে ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাকে মনোনয়ন দিতে হবে বলে দাবি তাদের। এসময় তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে দল ও এলাকার স্বার্থে কাজ করে আসায় জাবেদ রেজাকে মনোনয়ন দেওয়াই তৃণমূলের দাবি।
এদিকে নেতাকর্মীরা বলছে, পাহাড়ি-বাঙালি সবার সম্মিলিত প্রত্যাশা জনসম্পৃক্ত ও কর্মঠ ত্যাগী নেতা জাবেদ রেজাকেই আমরা আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে চাই, শান্তিপূর্ণভাবে শেষ হওয়া কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাদের বার্তা পৌঁছে দিতে চান নেতাকর্মীরা।
গত ৩নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০০ নং বান্দরবান আসনে সাচিংপ্রুকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করেন।

