জিয়াউল জিয়া ॥
রাঙামাটির জুরাছড়ি জোনের উদ্যোগে স্বামী সন্তানহীন অসহায় নারীকে ঘর পুনঃনির্মাণ করে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বনযোগীছড়ার আনন্দ পাড়া এলাকায় নুংঘাছরি চাকমা হাতে নতুন ঘরের চাবি তুলে দেন জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মুশফাক আমিন চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন মেজর ফয়সাল মাহমুদ অনিক, উপজেলা নির্বাহী অফিসার বায়েজীদ বিন-আখন্দ, বনযোগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা।
সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, রাঙামাটি রিজিয়নের সহযোগিতায় জুরাছড়ি জোন পাহাড়ি অঞ্চলের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসহায় নুংঘাছরি ভাঙ্গা ঘরের ছবি দেখার পর জুরাছড়ি সেনা জোনের উদ্যোগে ঘরটি নির্মাণ করা হয়।
উপজেলার জুরাছড়ি ইউনিয়নের বাসিন্দা রাজেশ চাকমা জাগুলোকে এই কর্মসূচির আওতায় একটি নতুন ঘর প্রদান করা হয়েছে। এছাড়া আরও ২০টি ঘর নির্মাণ কাজ চলছে, যা পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর এই মহতী উদ্যোগ কেবল ঘর নয়, দিচ্ছে নতুন জীবনের স্বপ্ন। রাঙামাটি রিজিয়নের সহায়তায় জুরাছড়ি জোনের এ কার্যক্রম এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে, যেখানে প্রতিটি ঘর হবে মানবতার কল্যাণ বার্তা।
এসময় ঘর পেয়ে আনন্দ প্রকাশ করেন নুংঘাছরি চাকমা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
স্থানীয় মিঠুন চাকমা বলেন, ভাঙ্গাঘরে এক বৃদ্ধা মা বসবাস করে, এমন ভিডিও ফেসবুকে দেয়ার পর সেনাবাহিনীর পক্ষ থেকে আজ ঘর হস্তান্তর করা হলো। আমি খুবই খুশি এই কাজে আমি নিজেও জড়িত ছিলাম।
উপজেলা নির্বাহী অফিসার বায়েজীদ বিন-আখন্দ বলেন, সেনা জোনের উদ্যোগে দ্রুত সময়ের মধ্যে ঘর পেলো অসহায় নারী। বাকি যা যা প্রয়োজন সব কিছু উপজেলা প্রশাসন থেকে করার আশ্বাস দেন তিনি।

