নিজস্ব প্রতিবেদক ॥
রাষ্ট্র মেরামতে তারেক রহমান প্রণীত ৩১ দফা ও জনসম্পৃক্ততা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটির দুর্গম এলাকায় লিফলেট বিতরণ, জনসম্পৃক্ত কর্মসূচি ও সমাবেশ পালন করেছে কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট দীপেন দেওয়ান। বৃহস্পতিবার সকালে বরকল উপজেলার খুপবাং, ঠেগামুখ, ছোট হরিণা বাজার, ভূষণছড়া বাজার এবং আইমাছড়া বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় সাথে ছিলেন ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মৈত্রী চাকমা, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিদারুল আলম, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল কবির বাচা, বরকল উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বরকল উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহ আলম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

এসময় দীপেন দেওয়ান বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারেক রহমানের এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দুর্গম এলাকায় বিএনপির নেতাকর্মীরা হাজির হয়েছেন। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে। রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যাবে। এতে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য। এমনকি স্বৈরাচার আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেও ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

