নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি ২৯৯নং সংসদীয় আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের সাথে রাঙামাটি পার্বত্য জেলার হেডম্যান ও কার্বারিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের পর্যটন অডিটোরিয়াম হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক ও ২৯৯নং রাঙামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল(অবঃ) মনীষ দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
সভায় পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে আগত হেডম্যান ও কার্বারিরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সভাপতি এডভোকেট ভবতোষ দেওয়ান বলেন, আসন্ন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানকে ধন্যবাদ আমাদের কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। দীপেন দেওয়ান স্ব পরিচয়ে পরিচিত। আঞ্চলিক ও জাতীয়ভাবে পরিচিত দীপেন দেওয়ান রাঙামাটি ২৯৯নং সংসদীয় আসনে নির্বাচিত হলে এই অঞ্চলের জন্য বিশেষ ভূমিকা পালন করতে পারবেন।
সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক শান্তিময় চাকমা বলেন, রাঙামাটির ইতিহাসে এই প্রথম কোন জাতীয় রাজনৈতিক দল আমাদের সাথে মতবিনিময় সভা আয়োজন করলো, এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দীপেন দেওয়ানকে। আমাদের এই প্রথাগত প্রতিষ্ঠানকে ধ্বংস করার নানান চক্রান্ত হচ্ছে, হয়তো ধ্বংস করতে পারবে না, কিন্তু স্বকীয়তা হারাবে। দীপেন দেওয়ানের প্রতি অনুরোধ থাকবে আমাদের এই প্রথাগত প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন।
প্রধান অতিথি হিসেবে ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান বলেন, আমি এই পার্বত্য রাঙামাটির সন্তান। আপনাদের সাথে আমার বেড়ে ওঠা, আপনাদের রীতিনীতি আমার ও রীতিনীতি। আপনাদের প্রথাগত এই প্রতিষ্ঠান সম্পর্কে আমার বিস্তর জ্ঞান রয়েছে। আপনাদের সমস্যাগুলো শুনলাম, এগুলো সমাধান করা আসলেই জরুরি। পার্বত্য জেলা গুলোতে সামাজিক বিচার ব্যবস্থায় আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
আপনারা পার্বত্য চট্টগ্রামের একটা অংশ। আমি এমপি নির্বাচিত হলে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলগুলোর সাথে দলীয় প্রধান ও রাষ্ট্র প্রধানের সাথে সরাসরি আলাপ আলোচনার ব্যবস্থা করে দিবো। আমি নির্বাচিত হলে পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর জন্য কাজ করবো।

