নিজস্ব প্রতিবেদক ॥
বিগত ১৭ বছর বিএনপির কেউ মাঠ ছেড়ে যায়নি মন্তব্য করে রাঙামাটি ২৯৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, বিএনপি জনগণের অধিকারের জন্য আন্দোলন করেছে। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রশাসনে নিরপেক্ষতা ফিরিয়ে আনা হবে এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। দুর্গম এলাকায় উন্নয়ন ছড়িয়ে দেওয়া হবে। তারেক রহমানের ৩১ দফা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জাতির পুনর্জাগরণের নকশা। এই দফাগুলোর মাধ্যমে দেশে সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব।
তিনি সোমবার সকালে রাঙামাটি বরকল উপজেলার কুরকুটি বাজার মাঠে সুবলং ইউনিয়ন বিএনপি ও বরকল ইউনিয়ন বিএনপি’র যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, এই অঞ্চলের একটা প্রধান সমস্যা হলো বন্য হাতির আক্রমণ। এই বিষয়ে আমি আজকেই ডিএফও এবং সিএফ এর সাথে কথা বলেছি। আপনারা যদি বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হন তাহলে আপনারা সরকারের নিকট থেকে ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করবেন, যেন তাৎক্ষণিকভাবে উপযুক্ত ক্ষতিপূরণ পান সে ব্যাপারে আমি আপনাদের সহায়তা করবো। বিএনপি সরকার গঠন করতে পারলে এই এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল(অব.) মণীষ দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক মজিবুল হল, উপজাতি বিষয়ক সম্পাদক রনেল দেওয়ান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. বাচ্চু মিয়া, রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বরকল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল তার বক্তব্যে বলেন, কুরকটিছড়িতে এই প্রথম যেকোনো দলের রাজনৈতিক সফর করার জন্য ২৯৯নং সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন-আমাদের এলাকায় যোগাযোগ ব্যবস্থা খারাপ, মোবাইল নেটওয়ার্ক নাই। আপনি এমপি নির্বাচিত হলে আমাদের জন্য একটা নৌ এম্বুলেন্স ও মোবাইল নেটওয়ার্কের জন্য টাওয়ারের ব্যবস্থা করবেন এই আশা করছি।
বরকল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার শিবলী চাকমা বলেন, আমাদের এই অঞ্চল একটা অবহেলিত এলাকা, এখানে স্বাস্থ্য সেবা, যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা চরমভাবে অবহেলিত। প্রধান অতিথি ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান যদি নির্বাচিত হোন তাহলে আমাদের এলাকার এই বিষয়গুলো আপনি সুনজর দিবেন এটা আমরা আশা করি।
আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির সদস্য তার বক্তব্যে বলেন, ‘ধানের শীষ আর ধান ছড়া, ভোট দিবো মনভরা’ চাকমা ভাষায় বলেন বিএনপি একটা অসাম্প্রদায়িক দল হিসেবে বাংলাদেশের সকল জাতীগোষ্ঠীকে একটা পরিচয়ে নিয়ে এসেছে। এখন আমরা সবাই বাংলাদেশী। এটা আমাদের জন্য গর্বের বিষয়।

