নিজস্ব প্রতিবেদক
প্রথমবারের মত চট্টগ্রাম রিজিওনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে-২০২৫ এর ৩০ আগষ্ট শনিবার “এ” গ্রুপের খেলায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে রাঙামাটি জেলা দলকে চাঁদপুর জেলা দল ৯৭ রানে হারিয়েছে।
সকালে টসে জয়লাভ করে রাঙামাটির দলীয় অধিনায়ক কাজী কামরুল ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিং করতে নেমে চাঁদপুরের ওপেনিং জুটি দুর্দান্ত শুরু করে। ৯২ রানে চাঁদপুরের ওপেনিং জুটি ভাঙ্গে। চাঁদপুর পুরো ২০ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে ১৫৩ রানের চ্যালেঞ্জিং স্কোর করে।চাঁদপুরে তোফায়েল ৪০ ও অধিনায়ক সাদ্দাম ৪৭ করেন।
মধ্যাহ্ন বিরতির পর রাঙামাটি জেলা দল ১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চাঁদপুরের বোলিং তোপে নিয়মিত উইকেট হারিয়ে ৫৬ রানে অলআউট হয়ে পড়ে। চাঁদপুরের পক্ষে সাতজন বোলার বোলিং করে রাঙামাটির ইনিংসের সব উইকেট ভাগাভাগি করে নেন। রাঙামাটির পরবর্তী খেলা ৩১ আগষ্ট চট্টগ্রাম ও ২ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলার সাথে। চট্টগ্রাম বিভাগের মোট ১১ টি জেলা দুই গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশগ্রহন করেছে।

