মিশু মল্লিক ॥
তরুণ ও যুব সমাজকে বক্সিংয়ে আগ্রহী করা ও স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে রাঙামাটি কমব্যাট ফিটনেস জিম নামে একটি আধুনিক জিম চালু করলেন বাংলাদেশের প্রথম পেশাদার বক্সার সুরকৃষ্ণ চাকমা। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় শহরের স্টেডিয়াম এলাকায় ফিতা ও কেক কেটে জিমের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার বরুণ বিকাশ দেওয়ান। এসময় আরো উপস্থিত ছিলেন বক্সার সুরকৃষ্ণ চাকমা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রাক্তন সহকারী প্রকৌশলী মো. নাজিম উদ্দিন, সুরকৃষ্ণ চাকমার মামা সুকৃতিময় চাকমাসহ রাঙামাটির বিশিষ্ট খেলোয়াড় ও ক্রীড়াব্যাক্তিত্ববৃন্দ।

উদ্বোধক জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার বরুণ বিকাশ দেওয়ান বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে রাঙামাটির গর্ব সুরকৃষ্ণ এই ধরণের একটি কমব্যাট জিম শুরু করেছে। আমি বিশ^াস করি, আগামীতে সুরকৃষ্ণের হাত ধরে আরো অনেক বক্সার বেরিয়ে আসবে। আমি তাঁর এবং তাঁর নতুন প্রতিষ্ঠানের সাফল্য কামনা করি।
রাঙামাটি কমব্যাট ফিটনেস জিমের সত্ত্বাধিকারী এবিএফ ইন্টারকন্টিনেন্টাল সুপার লাইট ওয়েট চ্যাম্পিয়ন সুরকৃষ্ণ চাকমা বলেন, এটি মূলত একটি ফিটনেস রিলেটেড জিম। এটির বিশেষত্ব হচ্ছে, বক্সিং ও মিক্স মার্শাল আর্টের সমন্বয়ে ফিটনেস ঠিক রাখা যায়। এরকম জিমের জনপ্রিয়তা উন্নত বিশ্বের প্রায় সকল দেশে রয়েছে, শুধুমাত্র বাংলাদেশে নেই, যেটা আমরা শুরু করতে যাচ্ছি। বিশেষজ্ঞদের মতে এটি শারীরিক ও মানসিকভাবে মানুষকে সুস্থ রাখে। আমাদের মূল লক্ষ্য হলো একটা সুস্থ ও সবল প্রজন্ম তৈরী করা এবং সম্ভাবনাময় উদীয়মান খেলোয়াড়দের সাপোর্ট দেওয়া।

ইতিমধ্যেই রাঙামাটিতে বক্সিং প্রশিক্ষণ দিয়ে আসছেন বক্সার সুরকৃষ্ণ চাকমা।

