নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি ২৯৯ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, নতুন বাংলাদেশের জন্য বেগম জিয়ার সুস্থ হওয়া বেশি জরুরি। মানুষ পরিবর্তন চায়। নতুন বাংলাদেশ দেখতে চায়। পুরোনো ধাঁচের রাষ্ট্র কাঠামো উপযোগী থাকতে চায় না। বিগত ফ্যাসিস্ট সরকার ১৫ বছরে বাংলাদেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জিয়াউর রহমান রাজনীতির সংস্কার শুরু করেছিলে। বিএনপিকে আধুনিক করেছিলেন। মানুষের বাকস্বাধীনতা, ধর্মীয় ও সামাজিক অধিকার এবং গণমাধ্যমের অধিকার নিশ্চিত করেছেন। আর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মেয়েদের বিনা বেতনে পড়ার সুযোগ দিয়েছেন। যে কারণে নারীরা এগিয়ে যাচ্ছে। সব ভালো অর্জন হয়েছে বিএনপির মাধ্যমে। শ্রমিক-কর্মচারীদের আর্থিক মানোন্নয়নে বিএনপি কাজ করবে তিনি মন্তব্য করেন।
সোমবার বিকালে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন(রেজি নং-বি ১৮৮৬) রাঙামাটি পার্বত্য জেলার উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দীপেন দেওয়ান। রাঙামাটি শহরের ভেদভেদিস্থ বিদ্যুৎ অফিস প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

চট্টগ্রাম উত্তর-দক্ষিণ কমিটির সভাপতি এজাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আসাদুজ্জামান বাবুল, সহ সভাপতি গাজী আইয়ুব আলী, জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো ও সাইফুল ইসলাম পনির।
বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান বাবুল বলেন, পাহাড়ের প্রত্যন্ত মানুষ এখনো মুলধারার সাথে তাল মিলিয়ে জীবনমান উন্নত হয়নি। তাই দীপেন দেওয়ানের মতো একজন নেতাকে প্রয়োজন এই অঞ্চলকে আলোকিত করার জন্য। আপনারা সবাই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে একজন সৎ শিক্ষিত মেধাবী রাজনৈতিক ব্যক্তির পাশে থাকবেন। আর দীপেন দেওয়ানকে বলবো, আপনি নির্বাচিত হলে আমার এই শ্রমিক ভাইদেরকে আপনি দূরে ঠেলে দিবেন না। এই শ্রমিক ভাইয়েরা সব সময় আপনার পাশে থাকবে এই কথা আমি আজকে আপনাকে দিয়ে গেলাম।
অনুষ্ঠানের শুরুতে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

