নিজস্ব প্রতিবেদক ॥
রাতভর ভারী বৃষ্টিতে বৃহস্পতিবার রাঙামাটির সাজেক সড়কের একাধিক স্থানে পাহাড়ধসের কারণে সকাল থেকে প্রায় নয় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে খাগড়াছড়ি-সাজেক সড়কে। এতে সাজেকে অবস্থানরত চার শতাধিক পর্যটক আটকা পড়ে। পরবর্তীতে বিকাল তিনটার পর সড়ক থেকে মাটি সরিয়ে নেয়ার পর এই সড়কে আবারো যান চলাচল সচল হয় এই সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি সাজেকে আটকা পড়া পর্যটকরাও নির্দিষ্ট গন্তব্যে ফিরে আসে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, ভারী বৃষ্টির কারণে বৃহস্পতিবার ভোররাতে খাগড়াছড়ি-সাজেক সড়কের অন্তত তিনটি স্থানে পাহাড়ধসের ঘটনায় বন্ধ হয়ে যাওয়া সড়কে প্রায় নয় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সকালে পাহাড়ধসের খবর পাওয়ার পর দীঘিনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর সদস্যরা পাহাড়ধসের মাটি সড়ক থেকে সরানোর কাজ শুরু করে। এসময় দুই পাশে কয়েকশ গাড়ি আটকা পড়ে যায়। পরবর্তীতে মাটি সরিয়ে নেয়ার পর বিকার তিনটার পর আবারো যান চলাচল স্বাভাবিক হয়।
সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সড়কের তিনটি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়েছে। সাথে বড় বড় পাথর ও গাছপালা উপড়ে পড়ায় সড়কটি অচল হয়ে পড়েছিলো।
রিসোর্ট এন্ড কটেজ এসোসিয়েশন অব সাজেক এর সভাপতি সুপর্ণ দেব বর্মন জানিয়েছেন, আটকে পড়া পর্যটকরা নিরাপদে ফিরে গেছেন এবং সকাল সাড়ে দশটার আইন-শৃঙ্খলা বাহিনীর স্কটটা আড়াইটা দিকে সাজেক ছেড়েছে, আর খাগড়াছড়ি থেকে যেটা আসবে সেটাও সেখান থেকে ছেড়েছে বলে জেনেছি। এখন পর্যটকরা আসতে ও যেতে পারবেন, কোনও সমস্যা নাই।

