নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি ২৯৯নং সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী এমএ বাশারকে অবাঞ্ছিত ঘোষণা করে তার প্রতি সকল ধরনের দলীয় সমর্থন প্রত্যাহারের কথা জানিয়েছে গণঅধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার একাংশ।
সোমবার দুপুরে গণঅধিকার পরিষদ (জিওপি) রাঙামাটি জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মো. তাইয়ুফ আজিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদ সবসময় জনগণের অধিকার, স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক রাজনীতির পক্ষে কাজ করে আসছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় ঐক্য ও পার্বত্য অঞ্চলের স্থায়ী শান্তি-উন্নয়নের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু এমএ বাশারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে অসহযোগী আচরণ, সাংগঠনিক নির্দেশনার প্রতি অবজ্ঞা এবং দলীয় স্বার্থবিরোধী তৎপরতার অভিযোগ আনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উত্থাপিত অভিযোগসমূহ দলীয় তদন্তে সন্তোাষজনকভাবে প্রমাণিত হওয়ায় জেলা শাখার সর্বসম্মত সিদ্ধান্তে তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে দলের সকল নেতাকর্মীকে তার পক্ষে নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিষয়ে গণঅধিকার পরিষদের রাঙামাটির জেলার আহ্বায়ক ও প্রার্থী এমএ বাশার বলেন, আমি মাঠেই আছি। দলের একটি অংশ সুবিধা নিতে না পেরে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বহিষ্কার কিংবা প্রত্যাহার একমাত্র কেন্দ্রই করতে পারে। আমি নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকবো।

