মিশু মল্লিক ॥
কে কি বললো, সেসব বিষয়ে মনোযোগ না দিয়ে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। শোনা কথা নিয়ে মন্তব্য করা আমাদের জন্য ঠিক না। আমি নিজের কাজ করে যাচ্ছি এবং আমরা নির্বাচন পর্যন্ত কাজ করে যাবো। রবিবার দুপুরে রাঙামাটিতে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন মৎস্য ও প্রাণিম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তথ্য উপদেষ্টা নির্বাচন নিয়ে সামনে সংঘাত এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিদেশি চাপ আছে কি না সাংবাদিকরা জানতে চাইলে তিনি এসব মন্তব্য করেন।

জরাজীর্ণবিল্ডিংসহ বিএফডিসি’র ল্যান্ডিং ঘাটের বিষয়ে তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, এখান থেকে মাছ প্রসেসিং করে আমরা ঢাকায় মাছগুলো পাচ্ছি। অর্থনৈতিকভাবে মৎস্য সম্পদ বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও ল্যান্ডিং স্টেশন ও প্রসেস সেন্টারগুলোর অবকাঠামো খুব খারাপ অবস্থায় রয়েছে। এগুলো ঠিক করতে কিছু বিনিয়োগ করতে হবে এবং আমাদের চেষ্টা হলো এগুলো উন্নত করে আমাদের দেশের মৎস্য সম্পদের কার্যক্রমকে আরো ত্বরান্বিত করা।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী, পরিচালক (অর্থ) মো. বদরুল হক, বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, কাপ্তাই হ্রদ মৎস্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

