মাহমুদুল হাসান, বাঘাইছড়ি ॥
২৯৯নং রাঙামাটি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের সাথে বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাঘাইছড়ি উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
বাঘাইছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি ওমর আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম। বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাবেক বিএনপির প্রার্থী মৈত্রী দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপির সভাপতি শফিউল আজম, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি নিজাম উদ্দিন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, জেলা তাঁতীদলের আহ্বায়ক মো. শফি, জেলা কৃষক দলের সভাপতি অলোক প্রিয় রিন্টু, জেলা জাসাস সভাপতি কামাল হোসেনসহ রাঙামাটি জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে এডভোকেট দীপেন দেওয়ানের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট দীপেন দেওয়ান বলেন, আপনারা সকলেই রাজনীতিতে অভিজ্ঞ আপনাদের জ্ঞান দেয়ার মত কিছু নেই আমি আপনাদের সাথে আগেও কাজ করেছি। আমি শুধু কথা দিতে চাই আপনাদের সহযোগিতায় আমি নির্বাচিত হয়ে ম্যডাম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২৯৯নং আসনটি উপহার দিতে পারি তাহলে তৃণমুল পর্যায়ে উন্নয়নের কোনও ঘাটতি হবে না। তিনি আগামী নির্বাচনকে কেন্দ্র করে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান এবং তারেক রহমান প্রদত্ত ৩১ দফা জনসাধারণের কাছে পৌছে দেয়ার আহবান জানান।
এর আগে তিনি তার সফরসঙ্গীরা বটতলী দরবার শরীফে বড় হুজুরের মাজার জিয়ারত ও ছাত্রদল নেতা মরহুম জসিম উদ্দিনের কবর জিয়ারত করেন।

