নিজস্ব প্রতিবেদক
নিয়োগবিধি প্রণয়ন, অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে রাঙামাটির নানিয়ারচর উপজেলার সকল পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীবৃন্দ। মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে ১০দিনের এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পুষ্পসোনা চাকমা, রেবিকা চাকমা, রিপু দে, পরিবার পরিকল্পনা পরিদর্শক বিখ্যাত দেওয়ান, পিয়াল চাকমা প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ সহকারী সঙ্গীতা চাকমা, রিতা চাকমা, ইতালি চাকমা, সুজলা চাকমা, প্রত্যয়ী চাকমা, জোসিনা দেওয়ান।
বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই ৩ পদ ছাড়া সকল পদে নিয়োগবিধি আছে। দীর্ঘ ২৬ বছরেও এই ৩ পদে নিয়োগবিধি চূড়ান্ত হয় নাই৷ এটা খুবই দুঃখজনক ও আমাদের জন্য হতাশাজনক।
এ নিয়োগবিধি অনুমোদন ও বাস্তবায়ন হলে আমাদের পদোন্নতি, চাকরি সুবিধা সহ চাকরিতে সুশাসন প্রতিষ্ঠা হবে। এ দাবী আদায়ের লক্ষ্যে আমরা দীর্ঘ বছর ধরে ঢাকায় গিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে, শহীদ মিনারের সামনে, মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি পালন করে এসেছি। আন্দোলন চলাকালে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা আশ্বাস দিলেও তা আদৌ বাস্তবায়ন হয়নি। আমরা এ নিয়োগবিধির দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন দাবি করছি।
আগামী ১১ ডিসেম্বরের মধ্যে এই দাবি পূরণ না হলে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন ঘোষণার কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান আন্দোলনকারীরা।

