নিজস্ব প্রতিবেদক
প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে এবং সেনাবাহিনীর সহযোগিতায় রাঙামাটিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় শহরের মাঝেরবস্তি এলাকায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত পিএসসি।
জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা মনোজ বাহাদুর গুর্খার সভাপতিত্বে ও ক্লাবের প্রধান সমন্বয়ক সাংবাদিক মনসুর আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, রাঙামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েসনের সভাপতি এস এম শামসুল আলম, সাধারণ সম্পাদক সত্রং চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাধারণ সম্পাদক ইমতিয়াজ কামাল ইমন, প্রেস ক্লাবের পাঠাগার ও প্রচার সম্পাদক মিল্টন বাহাদুর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত বলেন, প্রকৃতি ও জীবন ক্লাবের মাধ্যমে রাঙামাটি শহরের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই জনকল্যাণমুলক কাজে সেনাবাহিনী রাঙামাটি সদর জোন পাশে থাকতে পেরে আনন্দিত। ভবিষ্যতেও সেনাবাহিনীর পক্ষ থেকে জনকল্যাণমুলক কাজে সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

