নিজস্ব প্রতিবেদক ॥
প্রথমবারের মতো চট্টগ্রাম রিজিওনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে-২০২৫ ‘এ’ গ্রুপের প্রথম খেলায় হেরেছে রাঙামাটি জেলা দল। তাঁরা ফেনী জেলা দলের কাছে পাঁচ উইকেটে পরাজিত হয়। শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
সকালে টসে জয়লাভ করে রাঙামাটির দলীয় অধিনায়ক কাজী কামরুল ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। রাঙামাটি ব্যাটিং করতে নেমে ২৩ রানে প্রথম দুই উইকেট হারায়। ওপেন করতে নেমে রাঙামাটির সিনিয়র খেলোয়াড় ইলিয়াছ লেথাম দুর্দান্ত শুরু করলেও অপর প্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে রাঙামাটি। ইলিয়াছ লেথামকে যোগ্য সঙ্গ ব্যাটিং অর্ডারে কেউই দিতে পারেনি। ইলিয়াছ লেথাম চারটি চার ও দুই ছক্কায় ৪৮ বলে ৪৪ রানের ইনিংস খেলে ক্যাচ আউট হয়ে যখন ফেরেন তখন দলের স্কোর ৫ উইকেটে ৬১ রান! এরপর তাসের ঘরের মত রাঙামাটির ব্যাটিং অর্ডার ধসে পড়ে। চারজন শূন্য রানে আউট হয় ও একজন শূন্য রানে অপরাজিত থাকেন। লেথামের ৪৪ রান বাদ দিলে বাকী ১০ জন মিলে করেন মাত্র ১৮ রান! অতিরিক্ত থেকে আসে ৯ রান যা ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ! ফেনী জেলার সাজ্জাদ হোসেন ১২ রানে ছয় উইকেট লাভ করেন।
বিরতির পর ফেনী জেলা দল ৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪২ রানে ৫ উইকেট হারানোর পরও ওপেনার জিল্লুর রহমান বিজয়ের অপরাজিত ৩৪ বলে ৩১ ও মিডল অর্ডার ব্যাটার রায়হানের অপরাজিত ২০ বলে ২৪ রানের ওপর ভর করে ১৪.১ ওভারে ৭৭ রান করে পাঁচ উইকেটে জয়লাভ করে।
রাঙামাটির পরবর্তী খেলা ৩০ আগস্ট চাঁদপুর, ৩১ আগস্ট চট্টগ্রাম ও ২ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলার সাথে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিভাগের মোট ১১টি জেলা দুই গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

