বিশেষ প্রতিনিধি ॥
বান্দরবানে সদরের সাবেক উপজেলা চেয়ারম্যানের এএইচএন পুরনো ইটভাটা থেকে দুই শ্রমিককে অপহরণ করার অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের লামারপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। অপহৃতরা হলেন- তপন দাশ (৬৫), বাড়ি আমিরাবাদ সুখছড়ি এলাকায় এবং জয় নাথ (৫৫), বাড়ি বান্দরবান সদর উপজেলার বালাঘাটা এলাকায়। এরা দুজনেই পুরনো ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সূয়ালক বাজার থেকে ফেরার পর তপন দাশ নিজরুমে বিশ্রাম নিতে যান। জয় নাথও তখন রুমে অবস্থান করছিলো। দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে সহকর্মীরা খোঁজ নিতে গেলে রুমটি ফাঁকা দেখতে পান। এরপর খবরটি জানাজানি হলে স্থানীয়রা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেও তাদের কোনো খোঁজ খবর পায়নি।
পুরনো ইটভাটার কর্মচারী সুনীল দাশ বলেন, বাজার থেকে একসঙ্গে ফিরে এসে তিনি রান্নায় ব্যস্ত হয়ে পড়েন। পরে রুমে খাবার নিয়ে গেলে দুজনকেই দেখতে পান। তপন দাশের মোবাইল নম্বরে কল দিলে একজন অচেনা ব্যক্তি ফোন রিসিভ করে বলেন, ‘তারা আশপাশেই আছে, ইটভাটার বিষয়ে আলোচনা চলছে।’ তবে কিছুক্ষণ পর থেকেই ফোনটি বন্ধ পাওয়া যায়। ঘটনাস্থলে কয়েকটি পায়ের ছাপও দেখা গেছে। এরপর থেকেই তারা দুজন নিখোঁজ।
বিষয়টি নিশ্চিত করে সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, স্থানীয়ভাবে সকলে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু তাদের কোথাও খুঁজে পাওয়া যায়নি। অপহৃতদের ধরে নিয়ে যাওয়ার পথে ঝিরিতে পায়ের ছাপ পাওয়া গেছে, তবে কারা নিয়ে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
সাবেক উপজেলা চেয়ারম্যান ও এএইচএন পুরনো ইটভাটার মালিক আব্দুল কুদ্দুছ বলেন, আমাদের ইটভাটার কারও সঙ্গে কোনো বিরোধ বা লেনদেন বাকি নেই। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা আমাদের জানা নেই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) আবদুল করিম জানান, অপহরণের বিষয়টি পুলিশ জেনেছে। ইতোমধ্যে অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। তবে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারা এ ঘটনার সঙ্গে জড়িত। ঘটনাস্থল পরিদর্শন করে সম্ভাব্য স্থানগুলোতে আইনশৃংখলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

