জিয়াউল জিয়া ॥
রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক হাসান(২২) নিহত ও আরও একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত নাম গিয়াস উদ্দিনকে চিকিৎসার জন্য রাউজান নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এসিআই গ্রুপের মালিকানাধীন ওষুধ বহনকারী কাভার্ড ভ্যান দ্রুতগতিতে বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা অতিক্রম করছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই সিএনজি অটোরিক্সা দুমড়েমুচড়ে যায়।
কাউখালীর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ইসহাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিক্সা চালক রাঙামাটি থেকে কাঁচামাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলো। এই ঘটনায় অটোরিক্সা চালক হাসান নিহত হন। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান চালক পালিয়ে যায় তবে ভ্যানটি জব্দ করা হয়েছে। এই ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলে, পূর্বেও দুর্ঘটনা পর আমি নিজে সড়কটি পরিদর্শন করেছি। ঐ স্থানে গাড়ি অধিক গতিতে চলাচল করে। গতি নিয়ন্ত্রণ করা গেলে দুর্ঘটনা কমে আসতে পারে। তাই আমরা উদ্যোগ নিয়েছি গতি নিয়ন্ত্রণে ব্যবস্থা করা। সাইড সাইন বৃদ্ধি করা।
তিনি আরও বলেন, কেন বার বার দুর্ঘটনা ঘটছে, এই বিষয়ে পরামর্শের জন্য রোড সেফটি জোনকে অবহিত করা হয়েছে। তাদের পরাপর্শ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, একই স্থানে গত ২৬ এপ্রিল সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছিলো। গত ২ নভেম্বর কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

