ঝুলন দত্ত, কাপ্তাই ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ছাপাতে কর্ণফুলী পেপার মিলস লিমিটেড(কেপিএম) থেকে নির্বাচন কমিশনের চাহিদার অর্ধেকেরও বেশি কাগজ সরবরাহ করেছে। চলতি মাসের মধ্যে বাকি কাগজও সরবরাহ করা হবে জানিয়েছেন কেপিএম ব্যবস্থাপক।
কেপিএম সূত্রে জানা যায়, চলতি অর্থ-বছরে ৯শত ১৫ মেট্রিকটন কাগজের চাহিদাপত্র দিয়েছিলেন বাংলাদেশ স্টেশনারি অফিস(বিএসও)। যার বর্তমান বাজার মূল্য ১১ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৭ শত ৮১ টাকা। আবার বিএসও হতে নির্বাচন কমিশন এই কাগজ কিনে নিয়ে ব্যালট পেপার ছাপান। চাহিদাপত্রের বিপরীতে ইতিমধ্যে ৫ শত ৩১ মেট্রিকটন কাগজ সরবরাহ করা হয়েছে, এই ডিসেম্বরের মধ্যে বাকি ৩ শত ৮৪ মেট্রিকটন কাগজ সরবরাহ করা হবে বলে জানান কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ।
তিনি আরোও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর জন্য নির্বাচন কমিশন কেপিএম মিল হতে ব্রাউন, সবুজ ও গোলাপি কালার কাগজের চাহিদাপত্র দিয়েছেন। ডিসেম্বরের মধ্যে এই কাগজ সরবরাহ এর জন্য বলা হয়েছে। ইতিমধ্যে আমরা সিংহভাগ কাগজ সরবরাহ করেছি। আশা করছি ডিসেম্বরের মধ্যে বাকি কাগজ সরবরাহ করবো।
এমডি বলেন, তবে কাপ্তাই হ্রদের পানি দ্রুত শুকিয়ে যাওয়ায় কাগজ উৎপাদন নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। কাগজ উৎপাদনে প্রচুর পানির প্রয়োজন। যা হ্রদ থেকে ব্যবহার করা হয়। তিনি জানান, আমাদের তিনটি মেশিন। এখন শুধুমাত্র একটি মেশিন চালু আছে। একটি মেশিনে দিনে ২৫ থেকে ৩০ মেট্রিক টন কাগজ উৎপাদন হয়।

