নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি পরিবহন(বাস) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিবালা ত্রিপুরা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি গুইমারার আটবাড়ি এলাকার ধন চন্দ্র ত্রিপুরার স্ত্রী। এ ঘটনায় একই এলাকার শ্যামল বিকাশ ত্রিপুরা (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা শান্তি পরিবহনের বাসটি মাটিরাঙ্গা জোনের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দিবালা ত্রিপুরা (৪৫) নিহত হয়। এ ঘটনায় বাইক চালক গুরুতর আহত হয়। পরে উভয়কে স্থানীয়রা মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্ত্যব্যরত ডা. মিন্টন ত্রিপুরা, দিবালা ত্রিপুরাকে মৃত ঘোষণা করে। চালককে উন্নত চিকিৎসা প্রদান করা হয়।

তাৎক্ষণিকভাবে মাটিরাঙ্গা সেনা জোন শান্তি পরিবহন ও মোটরসাইকেল উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, ঘাতক বাসটি উদ্ধার করা হলেও শান্তি পরিবহনের চালক ও সহকারী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

