মো. ইসমাইল, পানছড়ি
পানছড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সুপারিনটেনডেন্ট পদে অবৈধ নিয়োগ বাতিল ও দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রতিকারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এই অবৈধ নিয়োগ বাতিল করে মাদ্রাসার দীর্ঘদিনের সুনাম ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
শনিবার দুপুর ২ টায় মাদ্রাসা প্রাঙ্গণে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষার্থীদের অভিভাবক, এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় সাবেক শিক্ষার্থী ও উল্টাছড়ি ওলামা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আয়কর আইনজীবী মোফাজ্জল হোসাইন, সাবেক শিক্ষার্থী আবুল কাশেম, ইউপি সদস্য আসিফ করিম, ইউপি সদস্য ফজলুর রহমান, ইউপি সদস্য মো. বশর বক্তব্য রাখেন।
মানববন্ধনে অভিযোগ করা হয়, নিয়োগ বোর্ডের যোগসাজশে নাম মাত্র পরীক্ষা নিয়ে সুপার হিসাবে নিয়োগ দেওয়া হয় মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবুল কাশেমকে। নিয়োগ পরীক্ষায় উপস্থিত ছিলেন না মাধ্যমিক শিক্ষা অফিসার। মানা হয়নি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ সম্পর্কিত সুপারিশ। ২০২২ সালের ৫ ডিসেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কেএম রুহুল আমিন স্বাক্ষরিত স্মারকে বলা হয়, নিয়োগ পরীক্ষা অবশ্যই সংশ্লিষ্ট মাদ্রাসায় অনুষ্ঠিত হতে হবে। তবে এই নিয়োগে মানা হয়নি এই শর্ত। পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে নামমাত্র এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় চট্টগ্রামের এক ছিপাতলি মাদ্রাসায়। তাছাড়া অভিযোগ রয়েছে সুপারিন্টেন্ডেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি কোন জাতীয় ও স্থানীয় দৈনিকে প্রকাশ করা হয়নি। নামমাত্র অখ্যাত একটি পত্রিকায় প্রকাশ করার কারণে অনেক চাকরি প্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।
মানববন্ধনে বক্তরা সম্প্রতি আইন না মেনে গোপনে অধ্যক্ষের পরিবর্তে সুপার নিয়োগ দেয়া, শিক্ষার্থীরা নিজস্ব কেন্দ্রে বসে পরীক্ষায় অংশ নিলেও ফলাফলে অবস্থান উপজেলার সর্বনিম্নে থাকা, রাতের অন্ধকারে ঘনিষ্ঠজন দিয়ে কমিটি গঠন করা, দীর্ঘ দশ বছরের অধিক সময় ধরে অডিট না হওয়াসহ নানা অনিয়মের কথা তুলে ধরেন। এ সময় তারা মাদ্রাসার ল্যাপটপ চুরি হলেও অদৃশ্য কারণে থানায় জিডি না করা ও প্রণোদনার টাকা বিতরণে ব্যাপক অনিয়মেরও অভিযোগ তুলেছেন।
এই অবৈধ নিয়োগ বাতিল করে নীতিমালার আলোকে অধ্যক্ষ নিয়োগ করে এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করার স্বার্থে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

