মিশু মল্লিক ॥
বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি সদর জোনের উদ্যোগে রাঙামাটির একটি মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকালে শহরের তাহফিজুল কুরআন মাদরাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত।
এসময় আরো উপস্থিত ছিলেন আবু হুরাইয়া নূরানী মাদরাসার পরিচালক মাওলানা ইমাম উদ্দীন, তাহফিজুল কুরআন মাদরাসা ও এতিমখানার হাফেজ মাওলানা রহমত উল্লাহ, মো. রমজান আলীসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

জোন কমান্ডার বলেন, আমরা রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে আজ এই মাদ্রাসায় শীতবস্ত্র এবং ফ্লোর ম্যাট বিতরণ করেছি। গত নভেম্বর মাস থেকে আমরা বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ করেছি। যারমধ্যে লংগদু উপজেলাসহ অন্যান্য উপজেলাগুলো রয়েছে। পাশাপাশি আমরা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টেও শীতবস্ত্র বিতরণ করেছি। জনগণকে সেবা দিতে আমরা রাঙামাটি সদর, কাউখালীসহ বিভিন্ন উপজেলায় যাচ্ছি, পুরো শীতকালজুড়ে আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্পও পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

