রাজস্থলী প্রতিনিধি ॥
রাজস্থলীতে তল্লাশি চালিয়ে সাড়ে ২১ লক্ষ টাকার সিগারেট, নগদ দেড় লক্ষ টাকা, ৪ জন চোরাকারবারিসহ একটি পিকআপ আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। শনিবার রাত সাড়ে নয়টার দিকে অবৈধভাবে ভারতীয় সিগারেট পাচারকালে রাজস্থলী উপজেলার মিতিঙ্গাছড়ি টিওবি ক্যাম্পের প্রধান চেকপোস্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মিজানুর রহমান নেতৃত্বে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে এই অবৈধ সিগারেটের চালান আটক করা হয়।
আটককৃত চারজনের মধ্যে বাঙ্গালহালিয়া বাজারের মৃত চিত্র রঞ্জন দাসের ছেলে শিমুল দাস (৪৫), একই ইউনিয়নের পাথরবন পাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে, মো. সাজ্জাদ ইসলাম(২২), শফিপুর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে মো. মহিবুল হাসান (২৩) ও রাজস্থলী বাজারের গোলকধন তঞ্চঙ্গ্যার ছেলে রনি তঞ্চঙ্গ্যা (২০)।
অবৈধভাবে পাচারকালে বিভিন্ন ব্রান্ডের মোট ১০ হাজার প্যাকেট (অরিস ০৮ কার্টন, ৪০০০ প্যাকেট আনুমানিক বাজারমূল্য ৮০০০০০ টাকা, পেট্রোন ১০ কার্টুন ৫০০০ প্যাকেট আনুমানিক ১০০০০০০ টাকা, বেনসন ৫ কার্টুন ১০০০ প্যাকেট, যার আনুমানিক বাজারমূল্য ৩৫০০০০ টাকা ভারতীয় সিগারেট) যার মোট আনুমানিক বাজার মূল্য ২১৫০০০০ টাকা, দেড় লক্ষ টাকা নগদ অর্থসহ চারজনকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী। পরবর্তীতে রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার আটক ব্যক্তিদের ও জব্দকৃত মালামাল রাজস্থলী থানায় সোপর্দ করেন।
এই বিষয়ে রাজস্থলী থানার এসআই মো. হাফিজ বলেন, রাজস্থলী আর্মি ক্যাম্পের সেনাবাহিনী তল্লাশি চালিয়ে যে আসামি, সিগারেট এবং পিকআপ আটক করেছেন তা আমাদের কাছে হস্তান্তর করেছেন। এই বিষয়ে রাজস্থলী থানা আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

