হাবিবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাজস্থলী উপজেলাধীন রাজস্থলী থানা এবং চন্দ্রঘোনা থানা পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। শনিবার সকালে পুলিশ সুপার চন্দ্রঘোনা থানা এবং রাজস্থলী থানায় পৌঁছালে সংশ্লিষ্ট থানার ওসিদ্বয় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরবর্তীতে পুলিশ সুপারকে চন্দ্রঘোনা থানা এবং রাজস্থলী থানা পুলিশের চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
থানা পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, জনসেবা, ফোর্সের শৃঙ্খলা ও কল্যাণ সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা করেন। এছাড়াও থানা ব্যবস্থাপনা আরও উন্নত ও জনগণবান্ধব করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি থানায় রক্ষিত বিভিন্ন রেজিস্টার পর্যবেক্ষণ করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
পুলিশ সুপার অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও থানায় কর্মরত সকল সদস্যদের সমস্যা ও সুযোগ-সুবিধার কথা শোনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) ডিএসবি (অতিরিক্ত দায়িত্ব) মোঃ জসিম উদ্দিন চৌধুরী, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ এম সাকের আহমেদসহ দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ।

