নিজস্ব প্রতিবেদক, রামগড়
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ–২’ এর অংশ হিসেবে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে রামগড় থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে। এর আগে বুধবার মধ্যরাতে আরও একজনকে আটক করা হয়।
আটকরা হলেন— জাতীয় শ্রমিক লীগ রামগড় পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন (৩০), রামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন (৩৯) এবং রামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম (৪৫)।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ–২’ এর আওতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। রামগড় উপজেলায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

