জিয়াউল জিয়া
পার্বত্য জেলা রাঙামাটিতে তীব্র শীতে জনজীবন জবুথবু হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। দুপুরের দিকে সূর্য সামান্য উঁকি দিলেও তেজ নেই। সোমবার সারাদিনেও দেখা মেলেনি সূর্যের। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত রয়েছে। পাশাপাশি আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক রয়েছে।
তীব্র শীতে তাপমাত্রা কমে আসায় জেলারেল হাসপাতালে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। বহিঃবিভাগে দেখা গিয়েছে শিশু রোগীর দীর্ঘ লাইন। অধিকাংশ শিশু জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া ও চর্মরোগের চিকিৎসা নিতে আসছে। প্রতিদিন শিশু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে।
তীব্র শীতের কারণে নিম্ন আয়ের মানুষ ছুটছে পথের পাশে অল্পদামে শীতের পোশাক কিনতে।
রাঙামাটি আবহাওয়া অফিসের তথ্য মতে, সোমবার রাঙামাটিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১.০৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর বলেন, এই সময়টাতে বায়ুমন্ডল শুষ্ক থাকে; শীতে বাতাসের আর্দ্রতা কম থাকে ফলে জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া ও শীতকালীন ডায়রিয়ায় শিশুরা বেশি আক্রান্ত হয়। আমরাও এসব রোগী সামাল দিতে প্রস্তুতি রয়েছে।

