হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের আপামর জনসাধারণের অধিকার আদায়ে কাজ করে গিয়েছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর অধিকার আদায়ে কাজ করবে। বাংলাদেশের অভ্যন্তরে কোনো জনগোষ্ঠীই যাতে পিছিয়ে না থাকে সেজন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে দেশ ও জনগণের পক্ষে রায় দেওয়ার জন্য সকল মা-বোনদের অনুরোধ জানাচ্ছি। এছাড়াও ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে প্রত্যেক পাড়ায় মহল্লায়, ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালানোর জন্য সকল নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি ২৯৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ানের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বুধবার সকাল ১১টায় রাজস্থলী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এডভোকেট দীপেন দেওয়ান।
এসময় আরো বক্তব্য রাখেন নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মিসেস মৈত্রী চাকমা, জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, এ্ডভোকেট সাইফুল ইসলাম পনির, আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম সম্পাদক বাবর আলী, যুগ্ম সম্পাদক দিলদার হোসেনসহ জেলা এবং উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে এডভোকেট দীপেন দেওয়ান দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রাজস্থলী বাজারে গণসংযোগে নামেন। এ সময় তিনি সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ঘোষিত রাষ্ট্র মেরামতের ‘৩১ দফা’ সম্বলিত লিফলেট বিতরণ করেন। পরবর্তী কর্মসূচিতে তিনি উপজেলার ইসলামপুর, শফিপুর এবং বাঙ্গালহালিয়ায় বেশ কয়েকটি পথসভায় যোগদান করেন এবং স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন।

