নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক পর্যটক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১১ জন। বুধবার দুপুরে সাজেকের শিজকছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম রুবিনা আফসানা রিংকি বলে জানা যায়। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। আহত ১১ পর্যটক খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিসিপ্লিন ২১ ব্যাচের শিক্ষার্থী এবং একজন শিক্ষক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, চারটি জিপ গাড়িতে করে মোট ৪৪ জন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা দুপুরে খাগড়াছড়ি থেকে সাজেক ভ্রমণে যাচ্ছিলেন। সাজেকের কাছাকাছি জায়গায় উঁচু পাহাড় উঠার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে এক নারী পর্যটক নিহত হয়। সেনাবাহিনী, পুলিশ আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোছাইন বলেছেন, আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি নিয়ে যাওয়া হয়েছে। তারা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জেনেছি।
খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বলেন, আহত ১১ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে পাঁচজন শিক্ষার্থী গুরুতর আহত রয়েছে।

