নিজস্ব প্রতিবেদক ॥
অবসরজনিত বিদায় উপলক্ষে হাজাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাশকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।
রবিবার সকালে সদর উপজেলার ৬নম্বর বালুখালী ইউনিয়নের হাজাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে নানা কর্মসূচিতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রধান শিক্ষককে এলাকাবাসী, প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সোনাধন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৬ নম্বর বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সদস্য সাধন কুমার চাকমা, সাবেক চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, হেডম্যান ফুলেশ বিকাশ দেওয়ান, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সবিনয় দেওয়ান, সমিতির রাঙামাটি জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শংকর দে, সদর উপজেলা সমিতির সভাপতি নজির আহম্মেদ তালুকদারসহ অন্যন্যা শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, এ হাজাছড়া বিদ্যালয়টি অনেক পুরোনো। শিক্ষার আলো চারদিকে ছড়িয়ে পড়ায় পাড়ায় শিক্ষার দিক দিয়ে অনেক উন্নতি হয়েছে। বিদায়ী গুণীজনকে সম্মাননা দেওয়া উচিৎ। সম্মান দিলে সম্মান কমে যায় না বরং সম্মান বাড়ে। দুঃখের বিষয়, বর্তমান নির্মাণাধীন বিদ্যালয়টি। এ নির্মাণাধীন অসমাপ্ত বিদ্যালয় থেকে যদি বিদায় দিতে পারা যেত তাহলে এলাকাবাসী আরো অনেক গর্ববোধ করতো।

