নিজস্ব প্রতিবেদক, রামগড় ॥
রামগড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোসরদের হাতে অগ্নিসংযোগ, লুটপাট, ধর্ষণসহ নির্মম হত্যাযজ্ঞের শিকার হয়েছিল রামগড়ের নিরীহ মানুষেরা। সেই ভয়াল দিনের স্মৃতিকে হৃদয়ে ধারণ করে আজকের দিনটি পালন করা হয়।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে বিজয় ভাস্কর্য প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম।
উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) রেহান উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা এডহক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারী নাথ এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম।
মুক্তিযুদ্ধের ইতিহাস অনুযায়ী, ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে ১নং সেক্টরের কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে পার্বত্যাঞ্চলের অন্যতম কৌশলগত এলাকা রামগড় হাই স্কুল মাঠ থেকেই গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রম পরিচালিত হয়। দীর্ঘ নয় মাসের সংগ্রাম শেষে ৮ ডিসেম্বর বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধারা রামগড় প্রধান ডাকঘরের চূড়ায় লাল-সবুজের পতাকা উত্তোলন করেন এবং রামগড়কে হানাদারমুক্ত ঘোষণা করেন।

