মিশু মল্লিক
দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ কাপ্তাই হ্রদে তিনমাস মৎস্য আহরণ বন্ধ থাকার পর আগামী ২ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ। কাপ্তাই হ্রদ হতে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, অতিরিক্ত পুলিশ সুপার আজহারুল ইসলাম মুকুল, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, বিএফডিসি ডেপুটি ম্যানেজার মোঃ মাসুদ আলম, মৎস্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, বিএফডিসি, ব্যবসায়ী সমিতি ও জেলেসহ সংশ্লিষ্ট সকলের সম্মতিক্রমে আগামী ২ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু হবে এবং ৩ আগস্ট সকাল ৬টা থেকে মাছ ল্যান্ডিং ও পরিবহন শুরু হবে।
প্রসঙ্গত, কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে চলতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিনমাসের জন্য মৎস্য আহরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি।

