আরমান খান
বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর হতে ১০ডিসেম্বর) উপলক্ষে অদম্য নারী পুরস্কার ২০২৫ অর্জন করেছেন বহ্নি শিখা দে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত এই নারী ৩২ বছর যাবৎ শিক্ষকতার মহান পেশায় যুক্ত রয়েছেন।
মঙ্গলবার জেলার লংগদু উপজেলায় এক অনুষ্ঠানে প্রধান শিক্ষক বহ্নি শিখাকে এই পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন। মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

শিক্ষক বহ্নি শিখা দে নব্বই এর দশকে স্নাতক সম্পন্ন করে শিক্ষকতার মহান পেশায় যুক্ত হন ১৯৯২ সালে। শুরুতে সহকারি শিক্ষক পদে ১৮ বছর চাকুরী করার পর ২০১০ সালে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পান গুণী এই শিক্ষক। বর্তমানে তিনি লংগদু উপজেলা সদরের তিনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।
এক সন্তানের জননী বহ্নি শিখার স্বামী আশীষ কুমার চৌধুরী উপজেলা সমবায় কর্মকর্তা হিসেবে সম্প্রতি রাঙামাটি থেকে অবসরে গেছেন। পরিবারের তিন ভাইয়ের একমাত্র বোন বহ্নি শিখা দে। প্রয়াত পিতা রনজিত কুমার দে শিক্ষকতার মহান পেশায় যুক্ত ছিলেন, মা ছিলেন সমাজ সেবা অধিদপ্তরে কর্মরত।
অদম্য নারী পুরস্কার প্রাপ্তিতে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বহ্নি শিখা বলেন, নারী হিসেবে প্রধান শিক্ষকের মতো গুরুত্বপূর্ণ পদ সামাল দেয়া খুব কঠিন একটি কাজ। সহকর্মীদের সহযোগিতায় সেই কাজটি সানন্দে করতে পারছি। মূলত বাবার দেখানো পথে শিক্ষকতার মহান পেশায় যুক্ত হওয়া। পাশাপাশি স্বামী ও পরিবারের অনুপ্রেণায় এখনো শিক্ষক হিসেবে সমাজে সম্মানের সাথে কাজ করে যাচ্ছি।

