জিয়াউল জিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাঙামাটি আসনের জন্য ব্যালট পেপার সকল উপজেলায় প্রেরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে রাঙামাটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব ব্যালট প্রদান করা হয়। জেলার ১০টি উপজেলা নির্বাচন অফিসার ব্যালট পেপার বুঝে নিয়ে কড়া পুলিশি পাহাড়ায় নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
বিলাইছড়ি উপজেলা নির্বাচন অফিসার মো. সালেহ আহাম্মদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার বুঝে নিয়েছি। ব্যালট পেপারগুলো কড়া নিরাপত্তায় নিয়ে যাচ্ছি। গন্তব্য পৌঁছানের পর এগুলো সহকারী রিটার্নিং কর্মকর্তার জিম্মায় রাখা হবে।
রাঙামাটি নির্বাচন সিনিয়র জেলা নির্বাচন অফিসের সূত্র মতে, এবারের নির্বাচনে রাঙামাটি আসনে ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন ভোটার ২১৩টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই আসনে হেলিসর্টি কেন্দ্র রয়েছে ২০টি। যেখানে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হবে নির্বাচনি সরঞ্জাম ও জনবল।
রাঙামাটি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে ১৭০ টি কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি শেষ করেছি।

