নিজস্ব প্রতিবেদক
‘হাত খরচের টাকা বাঁচিয়ে, সুবিধা বঞ্চিত শিশুদের স্বপ্ন পূরণ করি’ স্লোগানে ২০১৬ সালে যাত্রা শুরু করা রাঙামাটি পার্বত্য জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার পর অনুষ্ঠিত আলোচনা সভা, পুরস্কার ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য হাবিব আজম।
এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ, প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, বিশিষ্ট সমাজসেবক মুজিবুল হক, সাবেক প্যানেল মেয়র রবিউল আলম রবি, নিউ রাঙামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, ইয়ুথ’র আজীবন সদস্য ফারুক আহমেদ সাব্বির, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের প্রভাষক শাহজালাল সুমন। স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ’র পরিচালক আমজাদ হোসেন।
প্রতিষ্ঠাতা ও পরিচালক ইকবাল হোসেনের সঞ্চালনায় ও সদস্য রাশেদুল ইসলামের সভাপতিত্বে- সাধারণ সম্পাদক রূপম তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক সঞ্চিতা চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ইয়ুথের মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের ইয়ুথের মতো আরো সংগঠন প্রয়োজন। সবাই মিলে সমাজের সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ালে ভবিষ্যতে পরিবারের আর্থিক সংকটের কারণে কোন শিশুকে আর স্কুল থেকে ঝঁড়ে পরতে হবে না। এতে করে আমরা একটি শিক্ষিত সমাজ গড়ে তুলতে পারবো। ইয়ুথ ২০১৬ সালে ২১জন শিশুর দায়িত্ব নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ৭৫জন সুবিধা বঞ্চিত শিশুকে নিয়ে কাজ করছে। আগামীতে এই সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বক্তারা।
আলোচনার পর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশুদের পুরস্কারসহ সুবিধাবঞ্চিতদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

