জিয়াউল জিয়া ॥
নির্বাচন উপলক্ষে সীমান্ত নিরাপত্তাসহ শান্তিপূর্ণ, সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠানে লক্ষ্যে মাঠে নেমেছে বিজিবি। রাঙামাটি সংসদসীয় আসনে ২১৩টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৩৭ প্লাটুন বিজিবি মাঠে নেমেছে বলে জানিয়েছেন ছোট হরিণা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী।
তিনি বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী ছোট হরিণা ব্যাটালিয়ন বিজিবি মাঠে রাঙামাটি সেক্টর সদরসহ অধীনস্থ সকল ব্যাটালিয়নগুলো নির্বাচনের সকল প্রকার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হরিণা জোনের অধিনায়ক লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী। এসময় আরও উপস্থিত ছিলেন হরিণা জোনের ক্যাপ্টেন আসিফুর রহমান, সহকারী পরিচালক মো. মাসুদ রানাসহ স্থানীয় হেডম্যান, কার্বারি ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
লিখিত বক্তব্যে জানানো হয়, রাঙামাটি জেলার রাজনগর (৩৭ বিজিবি) ব্যাটালিয়নের অধীনে ১২ প্লাটুন, কাপ্তাই (৪১ বিজিবি) ব্যাটালিয়নের অধীনে ২০ প্লাটুন ও বরকল (৪৫ বিজিবি) ব্যাটালিয়ন অধীনে ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়নের করা হয়েছে। নির্বাচনকালীন সময়ের সুযোগে সীমান্ত দিয়ে দুষ্কৃতকারীরা যাতে কোনও ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ মাদক ও অস্ত্রপাচারসহ কোনও অপরাধ সংঘটিত করতে না পারে তার জন্য সীমান্তে অতিরিক্ত সতর্কতা ও তৎপরতা রয়েছে।

নির্বাচন সুষ্ঠু করতে ১২ সপ্তাহ মূল প্রশিক্ষণ, ড্রোন প্রশিক্ষণ, নির্বাচনী মহড়া, পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনে অমারণঘাতী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যার অংশ হিসেবে ১২ শট গান অস্ত্রের ওপর প্রশিক্ষণ এবং ফায়ারিং এর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
এছাড়াও রাঙামাটি সেক্টরের অধীনে রাঙামাটি, রাউজান ও রাঙ্গুনিয়া এই তিনটি আসনে নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় তিনটি আসনে মোট ৩৬৭টি ভোটকেন্দ্রে নিরাপত্তা ও দায়িত্ব পালনের জন্য ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

