মাহমুদুল হাসান, বাঘাইছড়ি ॥
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও আশপাশের দুর্গম ছয়টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে ভোটের সরঞ্জাম ও দায়িতপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো শুরু হয়েছে। সোমবার দুপুর থেকে ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপ্যাড থেকে এ কার্যক্রম শুরু হয়।
নির্বাচন অফিস সূত্র জানায়, দুর্গম পাহাড়ি পথ ও যাতায়াতের ঝুঁকির কারণে বিমানবাহিনীর দুটি এমআই-১৭ হেলিকপ্টার ব্যবহার করে ব্যালট সামগ্রী ও নির্বাচন কর্মকর্তাদের সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমেনা মারজান বিষয়টি নিশ্চিত করে বলেন, যেসব কেন্দ্রে হেলিকপ্টারযোগে সরঞ্জাম পাঠানো হচ্ছে সেগুলো হলো, দোজর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, শিয়ালদাহ লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইসুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নিউলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাঙামাটি-২৯৯ আসনে এবার সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাঘাইছড়ি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮১ হাজার ৩৪৪ জন। দুর্গম কেন্দ্রগুলো ঘিরে নিরাপত্তা বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

