নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) দুইটি জেলার সাতটি উপজেলায় সাতটি বেইজ ক্যাম্পের মাধ্যমে ২৬৭টি ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস। রবিবার সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলায় কাপ্তাই ব্যাটালিয়নের(৪১ বিজিবি) উদ্যোগে এক প্রেস কনফারেন্সে তিনি এই তথ্য জানান। কাপ্তাই ব্যাটালিয়নের(৪১ বিজিবি) সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় অধিনায়ক আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা ক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।
তিনি জানান, উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিট। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স প্রস্তুত থাকবে, যারা মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম।
সংবাদ সম্মেলনে জোন অধিনায়ক আরো বলেন, নির্বাচনকালীন যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। এছাড়া কাপ্তাই ব্যাটালিয়নের অধিনস্থ সৈনিকদের নিয়মিত নির্বাচনী মহড়া ও সদর দপ্তর বিজিবি প্রদত্ত সরঞ্জামাদির মাধ্যমে(রায়োট কন্ট্রোল) প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ড্রোনের মাধ্যমে নির্বাচনী এলাকায় সার্ভেইলেন্সের জন্য দক্ষ জনবল গড়ে তোলা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনে নন লেথাল ওয়েপন বা অমারণঘাতী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
জোন অধিনায়ক বলেন, ১ ফেব্রুয়ারি থেকে বিজিবি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণমাত্রায় মোতায়েন রয়েছে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে পালন করছে। দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন আছে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ছয়টি উপজেলা ব্যতিত ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।
এসময় কাপ্তাই ৪১ বিজিবির ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আশরাফুল ইসলামসহ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

