রাজস্থলী প্রতিনিধি
সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসে বাংলাদেশের হয়ে যৌথভাবে রৌপ্য পদক জয় করে দেশের মুখ উজ্জ্বল করা রাজস্থলী উপজেলার কৃতী সন্তান খই খই সাই মারমাকে সংবর্ধনা দিয়েছেন গ্রামবাসী।
শনিবার বিকালে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের চুশাকপাড়া গ্রামবাসীর উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


চুশাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামের কার্বারি ও সংবর্ধনা আয়োজক কমিটির সভাপতি উনুমং মারমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী এই খেলোয়াড়কে আশীর্বাদ ও সম্মাননা প্রদান করেন চুশাকপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ কিত্তিমা মহাথের।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্গম পাহাড়ের মেয়ে খই খই সাই মারমা কেবল রাজস্থলীর নয় বরং পুরো বাংলাদেশের গর্ব। আন্তর্জাতিক অঙ্গনে তার এই সাফল্য পাহাড়ি জনপদের তরুণ এই ক্রীড়াবিদদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। অতিথিবৃন্দ এবং এলাকাবাসী তার ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে অলিম্পিকের মতো বড় আসরে তার সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত হয়ে তাদের প্রিয় খেলোয়াড়কে উষ্ণ অভিনন্দন জানান। সংবর্ধনা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

