নিজস্ব প্রতিবেদক
নির্বাচন উপলক্ষে সীমান্ত নিরাপত্তাসহ শান্তিপূর্ণ, সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠানের লক্ষ্যে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। কাপ্তাই বিজিবি’র আওতাধীন ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জোনের অধীনে সাতটি উপজেলার ২৬৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য স্থাপিত সাতটি বেইজ ক্যাম্পে ২০ প্লাটুন বিজিবি সদস্য কাজ শুরু করেছে।
বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নের জোন কমান্ডার লে. কর্নেল কাওসার মেহেদী জানান, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) নির্বাচনকে কেন্দ্র করে তার নিজস্ব ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে কাপ্তাই ব্যাটালিয়ন অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। এছাড়াও সীমান্তবর্তী এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে চেক পোস্ট স্থাপন তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

